যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের কুইন্সের হিলক্রেস্ট হাই স্কুলের শিক্ষার্থী মৌমিতা আচার্য আমেরিকার জাতীয় পর্যায়ে এক বিশেষ একাডেমিক সম্মান অর্জন করেছেন। দ্য ন্যাশনাল সোসাইটি অব হাই স্কুল স্কলার্স (এনএসএইসএসএস) তাকে তাদের মর্যাদাপূর্ণ সদস্য হিসেবে নির্বাচিত করেছে।
সোমবার (২৩ মার্চ ২০২৬) যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটি জানায়, অসাধারণ একাডেমিক সাফল্য, নেতৃত্বগুণ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ মৌমিতাকে এই সম্মান প্রদান করা হয়েছে।
এনএসএইসএসএস-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জেমস ডব্লিউ লুইস এক বিবৃতিতে বলেন, “মৌমিতা আচার্য তার কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং একাডেমিক উৎকর্ষের মাধ্যমে যে সাফল্য অর্জন করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা তাকে আমাদের এই সম্মানজনক কমিউনিটির সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে গর্বিত।”
তিনি আরও বলেন, ”এনএসএইসএসএস এমন একটি বৈশ্বিক নেটওয়ার্ক, যেখানে বিশ্বের সেরা মেধাবী শিক্ষার্থীরা যুক্ত থাকে। এই কমিউনিটি ভবিষ্যতের জন্য আমাদের সবচেয়ে বড় আশা।”
সংগঠনটি জানায়, এনএসএইসএসএস সদস্যরা আজীবন সদস্যপদ পান এবং তাদের একাডেমিক ও পেশাগত উন্নয়নে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে বৃত্তি, ইন্টার্নশিপ, আন্তর্জাতিক শিক্ষা কর্মসূচি এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ।
২০০২ সালে জেমস ডব্লিউ লুইস এবং নোবেল পুরস্কার প্রবর্তক পরিবারের সদস্য ক্লেস নোবেল যৌথভাবে এনএসএইসএসএস প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশ্বের ১৭০টিরও বেশি দেশে দুই মিলিয়নের বেশি শিক্ষার্থী এই সংগঠনের সদস্য।