রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের আর্মাড পার্সোনেল ক্যারিয়ার বা এপিসি চলাচলের ছবি ও ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে গুজব ও বিভ্রান্তিকর বলে স্পষ্ট করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ।
গণমাধ্যমে দেয়া এক বিজ্ঞপ্তিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার পূর্বপ্রস্তুতি ও প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবেই মূলত এই এপিসিগুলো রাঙ্গামাটিতে আনা হয়েছে।
আগামী ১৫ দিন রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্থানে এই প্রশিক্ষণ পরিচালিত হবে এবং কাজ শেষে আনুমানিক দুই সপ্তাহ পর এগুলো ঢাকায় ফিরে যাবে।
জেলা পুলিশ আরও জানায়, এগুলো স্থায়ীভাবে মোতায়েন বা কোনো বিশেষ পরিস্থিতি মোকাবিলায় আনা হয়নি। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর কোনো তথ্য না ছড়িয়ে সঠিক তথ্য যাচাই করে প্রচারের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।





































