টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে পাঁচজনকে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোহাইমিনুল ইসলাম। এসময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম অকেজো করা হয়।
জানা যায় কালিহাতী উপজেলার যমুনা থানাঘাট এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানে অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত সোলাইমানকে ২ লাখ টাকা এবং মিরাজ নামে আরেক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বালু পরিবহনে জড়িত থাকার অপরাধে তিন শ্রমিককে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই জরিমানার অর্থ শ্রমিকদের নিয়োগদাতারা পরিশোধ করেন।
অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ভেকুর (খননযন্ত্র) সিলিন্ডার হেড ভেঙে তাতে বালু ঢুকিয়ে ইঞ্জিনটি স্থায়ীভাবে বিকল করে দেওয়া হয়। এসময় একটি ব্যাটারিও জব্দ করা হয়েছে।
কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম বলেন, যমুনা নদী ও আশপাশের ফসলি জমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে াভিযান চলমান থাকবে।





































