পাহাড়ে প্রবল বৃষ্টি ও সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুটে পৌঁছানোয় আবারো খুলে দেওয়া হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট।
আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ ১১ ই সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে দিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে। এর আগে গত ২৯ আগস্ট পানির উচ্চতা বেড়ে যাওয়ায় গেট খুলে ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়েছিল।
হ্রদের পানির উচ্চতা বাড়ায় রাঙ্গামাটি জেলার বেশ কিছু নিম্নঞ্চলের বাড়িঘর প্লাবিত হয়েছে এবং দেখা দিয়েছে জলাবদ্ধতা।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে লেকের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট। পরিস্থিতি বিবেচনায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে। পানির উচ্চতা ১০৫ ফুটে স্থির হলে গেটগুলো বন্ধ করে দেওয়া হবে।
কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণসীনা ১০৯ ফুট এমএসএল। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পানি নিষ্কাশন করা হচ্ছে।





































