বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা গতকাল (বুধবার) খুলনা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন। দিবসটি এবারের প্রতিপাদ্য ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’। প্রধান অতিথি বলেন, সকল পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে। এবারের বিশ^ মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য অত্যন্ত যুগোপযোগী ও তাৎপর্যপূর্ণ। তিনি সমাজের বিভিন্ন স্তরে পরিমাপ বিজ্ঞান তথা মেট্রোলজির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, প্রতিটি ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে বিপণনের প্রতিটি ধাপে পণ্যের মান ও পরিমান সঠিক রাখা প্রয়োজন। তিনি আরও বলেন, মানসম্মত পণ্য পেতে ভোক্তাদেরও সচেতন হতে হবে। সঠিক ওজন ও পরিমাপে পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তাদের আস্থা অর্জন করা সম্ভব। ভোক্তাদের অধিকার সংরক্ষণে তিনি সকল ব্যবসায়ীর প্রতি সততা ও দায়িত্বশীলতার সাথে ব্যবসা পরিচালনার জন্য আহবান জানান।
খুলনা বিএসটিআই এর উপ-পরিচালক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা ও খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। ধন্যবাদ জানান বিএসটিআই’র উপপরিচালক (রসায়ন) এবিএম রইসুল আলম। অনুষ্ঠানে ব্যবসায়ী, ভোক্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





































