মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত আটটার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বেলুহার এলাকায়।
হামলায় আহত আসমান ওই এলাকার সরোয়ার সিকদারের ছেলে।
শুক্রবার দুপুরে আহত আসমান সিকদার অভিযোগ করে বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বৃহস্পতিবার রাতে পশ্চিম বেলুহার মহিষখোলা মসজিদে মাহফিল চলছিলো।
ওই মাহফিলের জন্য আমার ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছিলো। আমি সেই টাকা দিতে মসজিদে গেলে স্থানীয় বহিস্কৃত বিএনপি নেতা স্বপন ভুঁইয়ার নেতৃত্বে ১০/১৫ জন দুুর্বৃত্তরা আমাকে মসজিদ থেকে তুলে নিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এ বিষয়ে অভিযুক্ত স্বপন ভূঁইয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে আগৈলঝাড়া থানার ওসি মাসুদ খান জানিয়েছেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।





































