টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হওয়ার গৌরব অর্জন করেছেন কালিহাতীর খায়রুল ইসলাম। তিনি প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত বিকাশ এবং কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে ব্যতিক্রমধর্মী কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরষ্কার পেয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয় ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি আনুষ্ঠানিকভাবে তাকে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে মনোনীত করে। সোমবার এ তথ্য নিশ্চিত করা গেছে। খায়রুল ইসলাম মাদারিপুর জেলার কালকিনি উপজেলার উত্তরচর আইরকান্দি গ্রামে সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন। চট্রগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে এইচএসসি পাশ করে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর কৃত্বিতের সাথে মার্কেটিং বিভাগ থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। ৩৫ তম বিসিএস এর প্রশাসন ক্যাডারে কর্মজীবনে প্রবেশ করেন। তিনি বরগুনার তালতলীর এসিল্যান্ড এবং রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। সর্বশেষ ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি টাঙ্গাইলের কালিহাতীর ইউএনও হিসেবে যোগদান করেন।
কালিহাতীতে যোগ দিয়েই তিনি গতানুগতিক কাজের বাইরে ব্যতিক্রমী কাজ করে চলেছেন। তার এসব উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। খায়রুল ইসলামের উদ্যােগে কালিহাতীসহ বিভিন্ন জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, উপজেলা পরিষদ চত্বরে দৃষ্টিনন্দন আমাদের কালিহাতী কর্ণার স্থাপন, উপজেলার ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরে ডকুমেন্ট তৈরি, পৌর এলাকায় স্ট্রীট লাইট স্থাপন, কালিহাতী বাসস্ট্যান্ডে পাবলিক টয়লেট নির্মাণ ও পার্ক সংস্কার ইত্যাদি কাজগুলো মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। অনুভূতি প্রকাশে ইউএনও খায়রুল ইসলাম কালের কণ্ঠকে বলেন স্বীকৃতি কাজের অনুপ্রেরণা যোগায়।প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় পরিদর্শন, শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, ঝরে পড়া রোধ এবং শিক্ষা-প্রতিষ্ঠানের পরিবেশকে আনন্দময় করে তোলা জরুরি। এজন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা চলমান আছে। কারন শিক্ষার মূল ভিত্তি গড়ে উঠে প্রাথমিক থেকেই। আর শিশুরাই আগামীর ভবিষ্যৎ। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ( ভিসি) অধ্যাপক ড. শহীদুল ইসলাম কালের কন্ঠকে বলেন জেলার শ্রেষ্ঠ ইউএনও মনোনীত হওয়া অবশ্যই কৃত্বিতের। উচ্চ শিক্ষার প্রথম সোপান হচ্ছে প্রাথমিক শিক্ষা। ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম।কালিহাতীর ইউএনও খায়রুল ইসলামের উদ্যােগ ও সাফল্য অন্যদের উদ্বুদ্ধ করবে।





































