পার্বত্য অঞ্চলের কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সহায়তা দিতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এরই অংশ হিসেবে পাহাড়ের কৃষি উৎপাদন ও কৃষকের বাজার সুবিধা বাড়াতে পার্বত্য জেলা বান্দরবানে ৫০ মেট্রিক টন ধারণক্ষমতার কোল্ড স্টোরেজ প্রকল্প বাস্তবায়ন করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। প্রকল্পটি সম্পন্ন হলে পাহাড়ি এলাকার উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং কৃষকদের আর্থিক ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উন্নয়ন বোর্ড জানায়, পাহাড়ি এলাকায় উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য দ্রুত নষ্ট হওয়ার কারণে কৃষকরা অনেক সময় কাঙ্ক্ষিত মূল্য থেকে বঞ্চিত হন। এ সমস্যা নিরসনে কৃষিপণ্য সংরক্ষণ সুবিধা বাড়ানোর লক্ষ্যে এই কোল্ড স্টোরেজ নির্মাণ করা হচ্ছে।
কর্তৃপক্ষের তথ্যমতে, বান্দরবান জেলার এই কোল্ড স্টোরেজটি ৫০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন। প্রকল্পের আওতায় থাকা ভবনটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নিজস্ব সম্পত্তি এবং সরকারি অনুমোদন ও ই-জিপি (e-GP) পদ্ধতিতে দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে প্রকল্পের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। উন্নয়ন বোর্ড আরও জানায়, পার্বত্য অঞ্চলের কৃষি ও অবকাঠামো উন্নয়নকে এগিয়ে নিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে কৃষকের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ব্যবস্থা উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা। সম্প্রতি বান্দরবানের কোল্ড স্টোরেজ প্রকল্প নিয়ে প্রকাশিত একটি দৈনিকের প্রতিবেদনে কিছু বিভ্রান্তিকর তথ্য উঠে এসেছে বলে দাবি করেছে উন্নয়ন বোর্ড। তাদের মতে, প্রকল্পটি কোনো অনিয়ম বা গোপন কার্যক্রমের মাধ্যমে নয়; বরং সরকারি নিয়মনীতি অনুসরণ করেই বাস্তবায়ন করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, পাহাড়ি কৃষির বিকাশে উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অবকাঠামো তৈরি হলে কৃষকরা যেমন পণ্য ধরে রেখে ভালো সময়ে বাজারজাত করার সুযোগ পাবেন, তেমনি পাহাড়ের কৃষি অর্থনীতিতেও নতুন সম্ভাবনা তৈরি হবে। উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়িয়ে প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়েছে।





































