ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকায় ৫০ হাজার গাছ রোপণের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিগারকান্দা এলাকায় তিতাস গ্যাস সংলগ্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে এ বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সারা দেশে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ নগরীতেও ব্যাপক পরিসরে গাছ লাগানো হচ্ছে। এর মাধ্যমে নগরীর পরিবেশ উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।





































