ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকা ও করণীয় বিষয়ে ‘ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ: গণমাধ্যমের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান সরকার রোকন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খান, বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ এবং কেন্দ্র ফোকাল পারসন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।
সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়; নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি গণমাধ্যমকে জনসচেতনতা তৈরিতে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে সঠিক তথ্য প্রচার ও সচেতনতামূলক বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং গণমাধ্যমকর্মীদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।





































