টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসনের উদ্যােগে বিভিন্ন অপরাধ দমন ও জনস্বার্থে আইন বাস্তবায়নে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
এর ধারাবাহিকতায় চলতি আগষ্ট মাসে ২৪টি মোবাইল কোর্টের মাধ্যমে ৭৩ মামলায় মোট ১২ লাখ ৯ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড এবং ৪৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, আগস্টের প্রথমার্ধে ১২টি মোবাইল কোর্টে ৩২টি মামলায় ৭ লাখ ১৭ হাজার ১০০ টাকা জরিমানা ও ২২ জনকে কারাদণ্ড দেওয়া হয়।
দ্বিতীয়ার্ধে ১২টি মোবাইল কোর্টে ৪১টি মামলায় ৪ লাখ ৯২ হাজার ৩৫০ টাকা জরিমানা এবং ২৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ, বাল্যবিবাহ নিরোধ, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ, জুয়া প্রতিরোধ, দণ্ডবিধি এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপনসহ বিভিন্ন আইনে ব্যবস্থা নেওয়া হয়।
এরমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলায় ৪৮ জনকে কারাদণ্ড প্রাপ্ত হয়।
এছাড়াও আগস্ট মাসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি মামলায় ৮০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন।
এবিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার কালের কণ্ঠকে বলেন মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। সেইসাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।
সুশাসনের জন্য নাগরিক সুজন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ বলেন কালিহাতী উপজেলা প্রশাসনের এসব উদ্যােগ অত্যন্ত ইতিবাচক। মাদক সমাজে ভয়াবহভাবে ছড়িয়ে গেছে। অপরাধ ও মাদক দমনে পুলিশ প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণীপেশার মানুষকে এগিয়ে আসতে হবে।




































