এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেলা প্রশাসন, ময়মনসিংহের সহযোগিতায় শনিবার ০৩ অক্টোবর ২০২৬ তারিখে ময়মনসিংহের জয়নুল পার্কের বৈশাখী মঞ্চে ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০২৬’ উদ্বোধন করা হয়। উদ্বোধনের পূর্বে উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, এমপি (ময়মনসিংহ সদর)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: আরিফুজ্জামান, এক্সিকিউটিভ ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহ এবং জনাব সাইফুজ্জামান, অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ।
স্বাগত বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অ. দা.) জনাব মো: নাজিম হাসান সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক
মোঃ সাইফুর রহমান। এছাড়া এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মো. জাহাঙ্গীর হোসেন ও জনাব আব্দুস সালাম সরদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আঞ্চলিক পর্যায়ের এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রতি বছর জেলা ও বিভাগীয় পর্যায়ে এ মেলার আয়োজন করা হয়। দুর্গাপূজার শারদ উৎসবকে সামনে রেখে আয়োজিত এবারের মেলায় ৫৯টি স্টলে ৩৯ জন নারী ও ২০ জন পুরুষ উদ্যোক্তা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন।
মেলায় ফ্যাশন ও তৈরি পোশাক, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, কৃষিজাত পণ্য, জুয়েলারি, অর্গানিক পণ্যসহ বিভিন্ন দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। মেলায় বিদেশি, নকল, অশোভন ও মানহীন পণ্য প্রদর্শন বা বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
উদ্যোক্তাদের বেচাকেনার সুযোগ বাড়ানোর লক্ষ্যে প্রধান অতিথি ০৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মেলা পরিচালনার বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।





































