টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ একাধিক বালু ঘাটে অভিযান চালিয়ে চারজনকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও একটি ভেকু বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার সল্লা কামাখ্যামোড় ও সল্লা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম। অভিযানে কামাখ্যা ঘাটে নজরুল ইসলামকে ১ লাখ টাকা এবং হাবিবুর রহমানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মন্ডলবাড়ী ঘাটে ইসমাইল হোসেনকে ৫০ হাজার টাকা এবং সল্লা ঘাটে আসাদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনের কাছ থেকে সর্বমোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় ও একটি এক্সকাভেটর (ভেকু) বিনষ্ট করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম বলেন অবৈধভাবে বালু উত্তোলন বা বালু মহালের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। জরিমানা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান থাকবে।





































