পার্বত্য চট্টগ্রাম চুক্তির পুনর্মূল্যায়ন, পাহাড়ে সশস্ত্র সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল এবং জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। একই সঙ্গে সম্প্রতি গঠিত তিনটি উচ্চপর্যায়ের জাতীয় কমিটিকে স্বাগত জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালকে স্বপদে বহাল রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটিতে পিসিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
লিখিত বক্তব্যে পিসিএনপি নেতারা বলেন, পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও পাহাড়ি-বাঙালির সম্প্রীতি সুদৃঢ় করতে সরকার গঠিত তিনটি জাতীয় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করেন। তবে চুক্তি স্বাক্ষরের দীর্ঘ সময় পরও পাহাড়ে সশস্ত্র সংঘাত, চাঁদাবাজি ও হত্যাকাণ্ড বন্ধ হয়নি বলে অভিযোগ করেন তারা।
সংগঠনটির উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পুনর্মূল্যায়ন, জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফকে নিষিদ্ধ ঘোষণা এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ‘লিগ্যাল টাস্কফোর্স’ গঠন। এ ছাড়া পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভাগগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনে ফিরিয়ে নেওয়া, বিদ্যমান ১ শতাংশ ‘উপজাতীয় কোটা’র পরিবর্তে পিছিয়ে পড়া সব জনগোষ্ঠীর জন্য ‘অনগ্রসর কোটা’ চালু এবং পরিষদগুলোতে জনসংখ্যার অনুপাতে সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিদেশি এনজিওগুলোর প্রকল্প বণ্টন, বাজেট বরাদ্দ ও মাঠপর্যায়ের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তদারকির দাবিও তুলে ধরে পিসিএনপি। একই সঙ্গে জেএসএসের সাম্প্রতিক বিবৃতির প্রতিবাদ এবং শিশির চাকমার সংবাদ সম্মেলনের নিন্দা জানিয়ে তাঁর বক্তব্য প্রত্যাখ্যান করেন নেতারা।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ভূমিকার প্রশংসা করে তাঁকে স্বপদে বহাল রাখার দাবি জানান পিসিএনপি নেতারা। সংবাদ সম্মেলনে সংগঠনটির জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের শেষে পিসিএনপি জানায়, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও জাতীয় সার্বভৌমত্ব সুরক্ষায় সরকার গঠিত তিনটি জাতীয় কমিটির গঠনমূলক পদক্ষেপে তারা পূর্ণ সহযোগিতা করবে।





































