বরিশালের গৌরনদীতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয়পুর ক্যাথলিক চার্চে এ সংলাপের আয়োজন করে গৌরনদী ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ।
সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এতে মুসলিম, হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করব। পাশাপাশি অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি সম্মান দেখাব। বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াব এবং ভ্রাতৃত্ব ও মানবতার বন্ধন আরও শক্তিশালী করব।”
তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে। এ সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে। ধর্মীয় সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থান একটি সুন্দর ও স্থিতিশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সংলাপে বিশেষ করে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার আন্তঃধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
গৌরনদী ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে আন্তঃধর্মীয় সংস্কৃতি ও সম্প্রীতি নিয়ে বক্তব্য দেন ফাদার মাইকেল মিলন দেউরী।
মুসলিম ধর্মের পক্ষে বক্তব্য দেন কাসেমাবাদ কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো. আসাদুজ্জামান। হিন্দু ধর্মের পক্ষে বক্তব্য দেন আগৈলঝাড়া বিএইচপি একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী। খ্রিস্টান ধর্মের পক্ষে বক্তব্য দেন সিসিডিবির সহসভাপতি পলাশ রায়। নাগরিক সমাজের পক্ষে বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহম্মেদ পান্না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূতের স্ত্রী, গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, তথ্য ও সম্প্রচারমন্ত্রীর মিডিয়া সমন্বয়কারী খোন্দকার কাওছার হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাহির হোসেন, সদস্য সচিব সফিকুর রহমান স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম।
সংলাপ শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে একটি পেইন্টিং উপহার দেন। পরে মন্ত্রীর আমন্ত্রণে মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী মন্ত্রীর শরিকলস্থ বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং কিছু সময় বিশ্রাম নেন।





































