ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষিত ও উন্নত জাতি গঠনে আমাদের সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে সে দেশের শিশুদের সুস্বাস্থ্য, নিরাপদ বেড়ে ওঠা এবং মানসম্মত শিক্ষার উপর। শিশুরা যেন কোনোভাবেই মূল ধারার উন্নয়ন থেকে ছিটকে না পড়ে সেদিকে আমাদের সবার বিশেষ দৃষ্টি থাকতে হবে।
"অবহেলিত শিশুর সার্বিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ'' প্রতিপাদ্য নিয়ে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ময়মনসিংহ ক্লাসটার সমাবেশ আজ দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে। ১৬টি এল.ডি.সি শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এল.ডি.সি প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। লোকাল সেন্টার কমিটি (এল.সি.সি) বিরিশির বিডি-৪০২ প্রকল্পের সভাপতি রেভা. স্টিফেন আশীষ রেমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ডেপুটি স্পিকার বলেন, এই অঞ্চলে শিশুদের সম্ভাবনাকে বিকশিত করতে পরিবার, সমাজ ,স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় আরো জোরদার করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ ভাবে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নৈতিক, সামাজিক উন্নয়নে কাজ করতে হবে।
সভাপতি বক্তব্যে বলেন, প্রতিটি শিশু অপার সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে। প্রয়োজন শুধু তাদের জন্য একটি নিরাপদ, স্নেহশীল ও সহায়ক পরিবেশ তৈরি করা। আমাদের সকলের সমন্বিত সহযোগিতা পেলে অবহেলিত শিশুদের জীবনের মান উন্নয়ন আরো বেগবান হবে।
অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলার নির্বাহী অফিসার আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন চিছাম, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ এবং গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশ (জিবিসি) এর নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উপজেলা পরিষদ হল রুমে দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া, থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তার এককালীন অনুদান প্রদান এবং হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ , কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সেবা ভোগীদের মাঝে আর্থিক এককালীন অনুদান প্রদান ও হুইল চেয়ার এবং সেলাই মেশিন বিতরণ করেন।




































