বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রঃ) মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে কুমিরের হামলার শিকার হয়ে নিখোঁজ হওয়া ফাতেমা (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে বাগেরহাট সদর উপজেলার খান জাহান আলী (রঃ) মাজার সংলগ্ন দিঘির মহিলা ঘাটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একজন মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে ফাতেমা গোসল করতে দিঘিতে নামলে সেখানে থাকা একটি কুমির তাকে কামড়ে পানির নিচে টেনে নিয়ে যায়।
শিশুটির চিৎকার শুনে মাজারে অবস্থানরত স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নৌকা নিয়ে দিঘিতে নেমে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মহিদুল ইসলাম। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় রাতভর উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রায় সাড়ে আট ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার ভোর ৪টা ৪০ মিনিটের দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ বলেন, সোমবার রাত প্রায় ৮টার দিকে শিশুটি কুমিরের হামলার শিকার হয়ে নিখোঁজ হওয়ার খবর পাই। খবর পাওয়ার পরপরই আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। রাতভর অনুসন্ধান চালানোর পর মঙ্গলবার ভোর ৪টা ৪০ মিনিটে শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।





































