অগ্নি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, চিকিৎসা সহায়তা প্রার্থী এবং শিক্ষা খাতে আর্থিক সহায়তা প্রদান করেছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় রাঙ্গামাটি সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে এসব সহায়তার চেক বিতরণ করা হয়।
বুধবার (১৭ জুন) বিকালে রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও চিকিৎসা , শিক্ষা ও অস্বচ্ছল ব্যক্তিদের হাতে এসব সহায়তার চেক তুলে দেন রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌং।এসময় রাঙ্গামাটি সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রিয়াদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ কামরুল হোসেন বলেন, বর্তমান সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে রয়েছে। দুর্যোগ, চিকিৎসা কিংবা শিক্ষা ও অস্বচ্ছল যেকোনো জরুরি প্রয়োজনে যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ও যোগ্য সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, রাঙ্গামাটির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এই আর্থিক সহায়তা হয়তো ক্ষতির পুরোপুরি পূরণ করতে পারবে না, তবে তাদের দুর্দিনে কিছুটা স্বস্তি দিতে সহায়ক হবে। জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। রাঙ্গামাটির মতো পার্বত্য অঞ্চলে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সচেতনতার ওপর গুরুত্বারোপ করে ইউএনও বলেন, রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ এলাকা। ক্ষতিগ্রস্তরা নতুন করে ঘরবাড়ি বা দোকান নির্মাণের সময় অবশ্যই এমনভাবে পরিকল্পনা করবেন, যাতে জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের গাড়ি, জনস্বাস্থ্য বিভাগের যানবাহন কিংবা উদ্ধারকারী দল সহজে পৌঁছাতে পারে। তিনি বলেন, অনেক সময় ঘরবাড়ির মাঝে পর্যাপ্ত দূরত্ব না রাখা এবং অপরিকল্পিত স্থাপনার কারণে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি বেড়ে যায়। সাধারণ মানুষ একটু সচেতনতা অবলম্বন করলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। যেকোনো দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন সবসময় মানুষের পাশে রয়েছে বলেও জানান তিনি।
পরে রাঙ্গামাটির পাবলিক হেলথ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারকে ৭ হাজার ৫০০ টাকা করে মোট ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া চিকিৎসা সহায়তা হিসেবে ৭ জনকে মোট ২ লাখ ১৫ হাজার টাকা এবং শিক্ষা সহায়তা হিসেবে একজন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা, একজন পাহাড়ি অস্বচ্ছল ব্যক্তিকে ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এ সহায়তা কার্যক্রমের মাধ্যমে রাঙ্গামাটি পৌর এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ও সদর উপজেলার বসবাসরত মানুষ তাৎক্ষণিকভাবে কিছুটা আর্থিক সহযোগিতা পাওয়ার উপকৃত হয়েছে। এতে সরকারের মানবিক উদ্যোগের সুফল পাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।





































