বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ এম নাজমুল রিপন এবং সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য সাইফুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
তবে তাদের প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়নি বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম।
আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ এম নাজমুল রিপন ও নির্বাহী সদস্য সাইফুল ইসলামকে আসামি করা হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ৫ সেপ্টেম্বর আগৈলঝাড়া প্রেসক্লাবের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপির নির্দেশে তাদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে, গত দুই দিন ধরে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ওই দুই সাংবাদিককে প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে—এমন খবর প্রচারিত হচ্ছে।
বিষয়টিকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম।
এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, নাজমুল রিপন ও সাইফুল ইসলামকে প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়নি।
তারা এখনও প্রেসক্লাবের সদস্য হিসেবে রয়েছেন। শুধু তাদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সভাপতি আরও অভিযোগ করেন, একটি সংবাদে তার সঙ্গে কোনো ধরনের কথা না বলেই তার নামে বক্তব্য প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।





































