জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সরকারের পাঁচ বছরের কর্মকান্ড মূল্যায়ন করেই জনগন পরবর্তী নির্বাচনে বিএনপিকে ভোট দেবেন। আর সরকার ব্যর্থ হলে ভোটের মাধ্যমেই জনগণ জবাব দেবেন। তাই ঘণ ঘণ আন্দোলন করে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে অপেক্ষা করা উচিত।
"করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" শ্লোগানকে সামনে রেখে বুধবার (২১ অক্টোবর) বেলা এগারোটার দিকে বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ আরও বলেছেন, জনগণের ভোটে সরকার গঠন করেছে বিএনপি। তাই দেশের দায়িত্ব পালনে সরকারকে সময় দিতে হবে। সরকারের কাজের মূল্যায়ন করে পরবর্তী নির্বাচনে জনগণই তাদের রায় দেবে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে চিফ হুইপ বলেন, ৩০ লাখ কোটি টাকা পাচার হয়ে যাওয়া একটি দেশের ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে বর্তমান সরকার। এ অবস্থায় দেশ পুনর্গঠনের উদ্যোগ বাঁধাগ্রস্ত করতে বিরোধী পক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করছে। লং মার্চের মাধ্যমে দেশের পরিস্থিতির প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ওপর গুরুত্বারোপ করে নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে আগামী তিন বছরের জন্য কর ছাড় দিয়েছেন। পরিকল্পিতভাবে এ সুযোগ কাজে লাগাতে পারলে একবছরের মধ্যে বিদ্যুৎ ঘাটতি পূরণ সম্ভব হবে।
চিফ হুইপ আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম ও প্রতিকূলতা মোকাবিলা করে ফ্যাসিবাদী সরকারের পতনে নেতৃত্ব দিয়েছে বিএনপি। ভঙ্গুর অর্থনীতি ও নানা সংকটের মধ্যেও বর্তমান সরকার দেশ পুনর্গঠনে কাজ করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের কথাও স্মরণ করেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। সম্মেলনের উদ্বোধন করেন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবাল। জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু তালেবের সভাপতিত্বে এবং গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন। সম্মেলনে বরিশাল মহানগর ও বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।





































