প্রায় দুই মাস ধরে অসুস্থ থাকার পর পায়ের লিগামেন্টের অস্ত্রোপচারের জন্য উন্নত চিকিৎসা নিতে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে যাচ্ছেন খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা নাজমুল হুদা চৌধুরী সাগর। চিকিৎসকের পরামর্শ ও নির্ধারিত সময় অনুযায়ী সেখানে তার পায়ের লিগামেন্টে অস্ত্রোপচার করা হবে।
চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া, ভালোবাসা ও পরামর্শ নিয়েছেন সাগর। তার চিকিৎসার বিষয়ে হুইপ বকুল সার্বক্ষণিক খোঁজখবর ও যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।
এদিকে নিজের চিকিৎসার পাশাপাশি মায়ের অসুস্থতা নিয়েও উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন সাগর। শনিবার ঢাকার ধানমন্ডির হারুন আই হাসপাতালে তার মায়ের চোখে জটিল একটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। চিকিৎসকের নির্ধারিত সময় অনুযায়ী মাকে হাসপাতালে রেখেই তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে সাগর জানান, গত দুই মাস অসুস্থ হয়ে বিছানায় থাকার সময় তার মা পাশে থেকে সেবা-শুশ্রূষা করেছেন। অথচ মায়ের কঠিন সময়ে পাশে থাকতে না পারায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি (খুলনা বিভাগ) সাগর বলেন, পরিবারের এমন কঠিন সময়ে একসঙ্গে দুজনের চিকিৎসা নিয়ে তারা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। মহান আল্লাহ তাকে ও তার মাকে কঠিন পরীক্ষায় ফেলেছেন।
তিনি নিজের ও মায়ের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ও তার মাকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং সুস্থ হয়ে সবার মাঝে ফিরিয়ে দেন।
সবশেষে সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, জাজাকাল্লাহ খাইরান।





































