ময়মনসিংহ বিভাগীয় বইমেলা-২০২৬ আয়োজন উপলক্ষ্যে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
সভায় জানানো হয়, আগামী ২৪ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হবে। মেলায় মোট ৭৬টি স্টল থাকবে। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। তবে সরকারি ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে মেলা শুরু হবে। এছাড়াও বইমেলা উপলক্ষ্যে আলোচনা সভা, সেমিনার, উপস্থিত বক্তৃতা, কচিকাঁচার উৎসব, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন থাকবে।
সভায় বইমেলার সার্বিক আয়োজন, স্টল ব্যবস্থাপনা, প্রকাশনা প্রতিষ্ঠান ও পাঠকদের অংশগ্রহণ নিশ্চিতকরণসহ বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বইমেলাকে সফল ও প্রাণবন্ত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। ময়মনসিংহ বিভাগের সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চার প্রসারে এবারের বিভাগীয় বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবু বকর সিদ্দীক, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি, লেখক, কবি, সাহিত্যিক, শিক্ষানুরাগীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




































