রাঙ্গামাটির কাপ্তাই লেকে আজ ১৬ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হলো ‘২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬’ । বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের ২০ জন সাঁতারু অংশ নেন।
পুরুষ বিভাগে ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ প্রথম স্থান অর্জন করেন। এ বিভাগে নৌবাহিনীর আসিফ রেজা দ্বিতীয় এবং সেনাবাহিনীর জুয়েল আহমেদ তৃতীয় স্থান লাভ করেন।
অন্যদিকে, নারী বিভাগে ৮ কিলোমিটার সাঁতরে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন। এখানে নৌবাহিনীর সোনিয়া আক্তার দ্বিতীয় এবং একই বাহিনীর পলি খাতুন তৃতীয় স্থান অধিকার করেন।
প্রতিযোগিতা শেষে রাঙ্গামাটি শহীদ শুক্কুর স্টেডিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক এবং জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
প্রতিযোগিতা শেষে দুপুরে রাঙ্গামাটি শহীদ শুক্কুর স্টেডিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন। এ ছাড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্নকারী প্রত্যেক সাঁতারুকেও সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের মানুষের জীবনে সাঁতার একটি অপরিহার্য দক্ষতা। সাঁতারের প্রসারে বাংলাদেশ সুইমিং ফেডারেশন জাতীয় ও বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ইতিমধ্যে ট্যালেন্ট হান্ট কার্যক্রমও শুরু হয়েছে।
উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান ও সম্ভাবনাময় সাঁতারুদের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাঁতারু হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ নৌবাহিনী ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচি গ্রহণ করেছে। এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতা ও অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো দক্ষ সাঁতারু তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পুলক চক্রবর্তী রাঙ্গামাটি
১৬-১১-২০২৬




































