উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহ এর আয়োজনে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে সম্ভাব্য বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় করণীয় নির্ধারণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট, ময়মনসিংহ।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন। সভায় পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ, ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা প্রস্তুত, আশ্রয়কেন্দ্রসমূহ প্রস্তুত রাখা, প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী মজুদ এবং দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণ এবং জরুরী স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যেকোনো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।





































