দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ স্লোগানে টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শহরের নিরালা মোড় শহীদ মিনার প্রাঙ্গনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী ও টাঙ্গাইল-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনি বলেন শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি, দুর্ঘটনা প্রতিরোধ এবং শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। সেই সাথে মালিক ও শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা দরকার।
টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের আহবায়ক বাবু শ্যামল হোড়ের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক সাতিল প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করে শ্রমিক ফেডারেশনের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী ইমাম তপন।সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিশাল র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।





































