ময়মনসিংহ সিটি কর্পোরেশনে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১০/০৫/২৬ তারিখে রবিবার সকালে( মসিক) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীর কিন্ডারগার্টেন, প্রাক-প্রাথমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজীদ। ওরিয়েন্টেশনে টিকাদান কার্যক্রমের লক্ষ্য, বাস্তবায়ন পদ্ধতি, শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে সময়োপযোগী টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি টিকাদান কর্মসূচি সফল করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সিটি কর্পোরেশনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।





































