নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সচেতনতা সৃষ্টি এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা নিশ্চিত করতে বাগেরহাটের রামপাল উপজেলায় ব্যতিক্রমী ভ্যানরিকশা প্রচারাভিযান শুরু করেছে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা।
বুধবার (২৫ নভেম্বর) সকালে রামপাল উপজেলা পরিষদ চত্বর থেকে প্রচারাভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি। উদ্বোধনের পর ভ্যানরিকশা প্রচারাভিযানটি উপজেলার বিভিন্ন বাজার ও জনসমাগমস্থলে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
সকাল ১১টায় রামপাল সদর ইউনিয়নের ওড়াবুনিয়া গ্রামের সংলগ্ন কালভার্টের ওপর প্রথম পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম এ সবুর রানা, সাধারণ সম্পাদক এঞ্জেল মৃধা, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন, কার্যনির্বাহী সম্পাদক মো. মোজাফফর হোসেন, সদস্য সাবেরা সুলতানা তুলি ও মারুদা খাতুনসহ সদর ইউনিয়ন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, সকাল ১০টায় গৌরম্ভা ইউনিয়ন পরিষদের সামনে থেকে পৃথক আরেকটি ভ্যানরিকশা প্রচারাভিযানের উদ্বোধন করেন খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সমাজসেবক মুজিবর হোসেন জোয়ারদার। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন, গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মো. ওবায়দুল্লাহ গাজী, সহসভাপতি তসলিমা আক্তার বৃষ্টি, সাধারণ সম্পাদক রিক্তা আক্তার, কার্যনির্বাহী সম্পাদক সাবিনা খাতুন, মো. মোহতাদিরসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রচারাভিযান থেকে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাজার ও জনসমাগমস্থলে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ছয়টি জনসমাগমস্থলে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়। নারী নির্যাতন ও জেন্ডারভিত্তিক সহিংসতার ঘটনা শনাক্ত এবং এ-সংক্রান্ত তথ্য ও অভিযোগ সংগ্রহেও প্রচার চালানো হয়।
‘নাগরিক’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করেছে জিএফএ কনসাল্টিং গ্রুপ, মানুষের জন্য ফাউন্ডেশন ও উই ক্যান।
প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়। এবারের প্রতিপাদ্য—‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায়বিচার নিশ্চিত করি। সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই।’
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়ে থাকে।




































