দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা যুবদল। ১৮ নভেম্বর বুধবার সকালে রাঙ্গামাটি শহরের কাঠালতলী জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্প চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে রাঙ্গামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তৃব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক উপজাতীয় বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম। রাঙ্গামাটি পৌর যুবদল নেতা সিরাজুল মোস্তফা, যুবদল নেতা নাজিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে জনগণের অধিকার রক্ষায় এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যুবদল যেকোনো ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করবে।




































