পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহনের গ্রামের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একই রাতে সাবেক সংসদ সদস্য মরহুম শাহজাহান মিয়া, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড আফজাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, শ্রমিকলীগ নেতা খলিলুর রহমানসহ বিভিন্ন নেতা কর্মীর বাসা বাড়িতে দুর্বৃত্তদের কর্তৃক বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পাশাপাশি ওই মহাসড়কের বসাক বাজার এলাকা এবং মির্জাগঞ্জ উপজেলার বরগুনা-বরিশাল সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা চালানো হয়।
অন্যদিকে, উদ্ভূত পরিস্থিতিতে জেলার বিভিন্ন সড়কে সরকারদলীয় যুবদলের নেতাকর্মীদের খন্ড খন্ড মোটরসাইকেল মহড়া দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ালীগ, যুবলীগ, ছাত্রলীগ বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে দেখা গেছে।
এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
তিনি জানান, এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়া নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে পটুয়াখালী - আমতলী মহাসড়কে পুলিশ অভিযান চালিয়ে মহাসড়কে নাশকতা সন্দেহে ৯ জনকে আটক করেছে পুলিশ। গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।




































