মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার। এ সময় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার ও রেজিস্ট্রারও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ২০২৭ সালে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন (কনভোকেশন) আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতি ও সভাপতিত্বের লক্ষ্যে তাঁর সম্ভাব্য সময়সূচি এবং সুবিধাজনক তারিখ নির্ধারণের বিষয়েও আলোচনা করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য উপাচার্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি আনুষ্ঠানিক সমাবর্তন আয়োজন। রাষ্ট্রপতির সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ এবং সমাবর্তন আয়োজন নিয়ে আলোচনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, সব ধরনের প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ২০২৭ সালে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আয়োজন সম্ভব হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় নতুন মাত্রা যুক্ত হবে।




































